প্রতিটি ক্যাম্পাসেরই কিছু নীরব চরিত্র থাকে। আমাদের জন্য সেই চরিত্রগুলোর একটি হলো এই বাস। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত কত শত মুখ, কত গল্প আর কত স্মৃতির সঙ্গী হয়ে পথ চলে সে। সকালের বাসে থাকে নতুন দিনের উচ্ছ্বাস। কেউ তাড়াহুড়ো করে উঠে শেষ সিটটা দখল করে, কেউ জানালার পাশে বসে হেডফোনে হারিয়ে যায় নিজের জগতে। কেউ আবার বন্ধুর জন্য সিট রেখে দেয়। ছোট ছোট এই মুহূর্তগুলোই অজান্তে হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। জানালার বাইরে একের পর এক গাছ, মাঠ আর পরিচিত পথ পিছিয়ে যায়। আর ভেতরে জমে ওঠে হাসি, গল্প, আড্ডা, কখনো বা পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। বৃষ্টির দিনে কাচে জমে থাকা ফোঁটাগুলোও যেন সেই গল্পেরই অংশ হয়ে থাকে। দিন শেষে একই বাসে ফেরে ক্লান্ত মুখগুলো। সারাদিনের ব্যস্ততা, ক্লাস, ল্যাব আর কাজের চাপের মাঝেও বাসের ভেতরে আবার শুরু হয় দিনের শেষ আড্ডা। কেউ চুপচাপ বাইরের আকাশ দেখে, কেউ হাসতে হাসতে দিনের গল্প শোনায়। গন্তব্যে পৌঁছে সবাই একে একে নেমে যায়। কিন্তু বাসটা থেকে যায়—পরের দিনের অপেক্ষায়, নতুন কিছু মুখ, নতুন কিছু গল্প আর নতুন কিছু স্মৃতির সাক্ষী হয়ে।
Share Story
Photos by Mehedi Hasan · Noakhali Science and Technology University